বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “রাউজানে সন্ত্রাসের আখড়া পুনরায় ভাঙা হয়েছে। ইতোমধ্যে আটক প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করেই যত অশান্তি সৃষ্টি হচ্ছে। এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, উপজেলার কদলপুর ও রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পাহাড়-টিলার মাটি কাটা বন্ধ করতে হবে। বৃষ্টির মধ্যেও ৯ নম্বর ওয়ার্ডে পাহাড়ের মাটি কাটার অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাউজান পৌরসভার প্রশাসক অংছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।