শিরোনামঃ

হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলি; অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইটভাটার মালিক  

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রাউজান পৌরসভার বাসিন্দা, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী ও সাংবাদিক এস এম শহিদ উল্লাহ (৪৬)। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাত ২টার দিকে ভুক্তভোগী এস এম শহিদ উল্লাহ (রনি) বাদী হয়ে হাটহাজারী থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টা ও ডাকাতির উদ্দেশ্যে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এস এম শহিদ উল্লাহ তার ব্যক্তিগত নিশান স্টাইল জিপ (রেজি. নং: চট্ট মেট্রো-ঘ-১১-২৫০০) নিজেই চালিয়ে হাটহাজারীর আমান বাজার থেকে রাউজানের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে চারাবটতলা এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে।
প্রথমে দুর্বৃত্তরা গাড়ির সামনের গ্লাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে ড্রাইভারের আসনের নিচে মাথা নিচু করে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা গাড়ির দুই পাশ থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এর মধ্যে অন্তত চারটি গুলি গাড়িতে আঘাত হানে।
একপর্যায়ে বিপরীত দিক থেকে একটি গাড়ি ঘটনাস্থলে চলে এলে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে হাটহাজারী থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে। এছাড়া গাড়ির ডান পাশে তিনটি এবং বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় গাড়িটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী এস এম শহিদ উল্লাহ বলেন, “ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে প্রথমে ইট ছোড়া হয়, এরপর গুলি চালানো হয়। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি। সম্প্রতি আমার ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। মূলত আমার ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র আমাকে টার্গেট করেছে। এর আগেও তারা আমার বাড়িঘরে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।”
এস এম শহিদ উল্লাহ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা। তিনি এস এম শফির বড় ছেলে এবং রাউজানে তার একাধিক ইটভাটা রয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন,ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে তদন্ত চলছে।”

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL