চট্টগ্রামের হাটহাজারীতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হাটহাজারী সমিতির উদ্যোগে অকালে প্রয়াত দুই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার শোকসন্তপ্ত পরিবারের মাঝে এক লাখ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পৌর সদরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক মানবিক সহায়তা অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার গুমানমর্দন এলাকার মরহুম হোসেনের পরিবারের হাতে ১ লক্ষ টাকা এবং মেখল ইউনিয়নের মরহুম খোরশেদ আলমের পরিবারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির সভাপতি সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গভর্নিং বডির সদস্য বিএনপি নেতা লায়ন ড. সালাউদ্দীন আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক খোরশেদুল আলম, সংগঠনের সহ-সভাপতি এনামুল হক ফোরকান, মোহাম্মদ মাহাবুবুল আলম ও মোহাম্মদ দিদারুল আলম। প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী ভাই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের কেউ অকাল মৃত্যুবরণ করলে পরিবারগুলো চরম সামাজিক ও আর্থিক সংকটে পড়ে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসী পরিবারের পাশে দাঁড়ানোর নিরলস চেষ্টা করে যাচ্ছে। তিনি আরও বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শুধু তাদের পরিবারের ভাগ্য বদলায় না, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। তাই তাদের অবর্তমানে পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় ও শোকাহত মানুষের পাশে দাঁড়াই এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলি। অনুষ্ঠানে অন্য বক্তারা প্রবাসী মরহুমদের রেমিট্যান্সযোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সমিতির অন্যতম নেতা মাওলানা নাছির উদ্দিন, দিদারুল আলম, মাহাবুব আলম, মোহাম্মদ নাছির উদ্দীন খোকন, নিজাম উদ্দিন, তৌহিদুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রেজাউল আমিন, বাদশা মিয়া, মাওলানা শোয়াইব, মাওলানা হাফেজ মাসুদ, মোহাম্মদ জালাল, মোহাম্মদ আনিছসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।