চট্টগ্রামের রাউজানে এক নারী খামারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব রাউজান শাহ সুন্দর পাড়া এলাকায় নুরুচ্ছাফা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নুরুচ্ছাফা বেগম (৬০)। অভিযোগে মোহাম্মদ আলম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মান্নান ও মোহাম্মদ আজিজের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বিবাদীরা রাতে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা প্রায় ৮ আনা স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, মূল্যবান কাপড়চোপড়সহ আনুমানিক দুই লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে নুরুচ্ছাফা বেগম ও তার পুত্রবধূ ছিলেন। এর আগে চাঁদা দাবি করে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী নুরুচ্ছাফা বেগম বলেন, আমি খেত-খামার করে জীবিকা নির্বাহ করি। ঘটনার পর থেকে আতঙ্কে আছি।
তার পুত্রবধূ জেনি আক্তার বলেন, এখন রাত হলে আতঙ্কে থাকি। এর আগেও আমাদের হুমকি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।