চট্টগ্রামের রাউজানে মন্দিরে ভক্তির ভান করে প্রতিমার স্বর্ণালংকার চুরির অভিযোগে মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ২ ভরি ১ আনা স্বর্ণালংকার ও রুপার গয়না উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২২ আগস্ট) দুপুরে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির মনসা মন্দির থেকে প্রায় ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার চুরি হয়। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক তরুণকে সন্দেহ করে পুলিশ। ফুটেজে সিয়ামকে মন্দির থেকে বের হতে দেখা যায়।পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। অভিযান চালিয়ে রাউজান থানাধীন ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাগতিয়া সাকিন এলাকার মীর কাশেমের নতুন বাড়ি থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিয়ামের বসতঘরের শয়নকক্ষে থাকা স্টিলের আলমিরা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অলংকারের মধ্যে রয়েছে এক জোড়া কানের দুল, একটি মাথার টিকলি, একটি লকেট ও দুটি বেলপাতা। এসব স্বর্ণালংকারের মোট ওজন ২ ভরি ১ আনা এবং আনুমানিক মূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা।গ্রেপ্তার সিয়াম ওই এলাকার মাইক্রো মেকানিক মিজানুর রহমানের ছেলে। দেখতে কিশোরসদৃশ হলেও পুলিশের দাবি, তার বয়স ১৮ বছর।সিংহ বাড়ির মনসা মন্দিরের প্রতিষ্ঠাতা আশুতোষ সিংহ বলেন, মন্দির থেকে স্বর্ণালংকার চুরির পর থানায় অভিযোগ করা হলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে চোর শনাক্ত করে অলংকার উদ্ধার করেছে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মন্দির থেকে প্রায় ২ ভরি ৮ আনা স্বর্ণ চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গ্রেপ্তার সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ ভরি ১ আনা স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।