শিরোনামঃ

রাউজানে ভীমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু, আহত এক

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাউজানে ভীমরুলের কামড়ে নাজিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহাবুব আলম নামে আরও একজন আহত হন।শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটিয়াপাড়া এলাকার নোয়াপাড়া সেকশন-২ সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন ওই এলাকার অছি মিয়া সওদাগর বাড়ির মৃত বজল আহম্মেদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াপাড়া সেকশন-২ সড়কের আবদুল মতিনের দোকানে চা-নাশতা করার পর নাজিম উদ্দীন ও মাহাবুব আলম সড়কে হাঁটছিলেন। এ সময় হঠাৎ শত শত ভীমরুল তাদের ওপর আক্রমণ করে। ভীমরুলের কামড়ে দুজনই গুরুতর আহত হন।পরে নাজিম উদ্দীনকে স্থানীয় জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক স্বপন কান্তি দাশ জানান, ভীমরুলের কামড়ে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী প্রবাসী ইকবাল হোসেন বলেন, সকালে সড়কে হাঁটার সময় তিনি দেখতে পান, দুজনকে শত শত ভীমরুল আক্রমণ করেছে। এ সময় সড়কে চলাচলকারী পথচারীরাও ভীমরুলের আক্রমণ থেকে বাঁচতে দিকবিদিক ছুটোছুটি করেন।অপরদিকে আহত মাহাবুব আলমকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান জানান, ভীমরুলের কামড়ে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্রুত ইনজেকশন দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং বিকেলে বাড়ি ফিরে যান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL